রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

0
রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

মাসুদ রানা রাব্বানী : রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে ১৮ জন রুয়েট শিক্ষার্থী এ সুযোগ পেয়েছেন।

এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকা- সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন শুধু নগরবাসীকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাসিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

রাজশাহীকে আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ব দরবারে রাজশাহীর পরিচিতি আরও বাড়াতে হবে। এ সময় তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রথম রুয়েট শিক্ষার্থীদের সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, রাসিকের মতো একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়ায় তারা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, তাদের সিনিয়ররা এর আগে রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পাননি। তারাই প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন। এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

উল্লেখ্য, রুয়েটের ১৮ জন শিক্ষার্থী এ ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। ইন্টার্নশিপের মাধ্যমে তারা রাসিকের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকা- সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব নগর উন্নয়ন কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।