ফকিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ১৩ দোকান, ক্ষতিগ্রস্তদের আকুতি

0
ফকিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ১৩ দোকান, ক্ষতিগ্রস্তদের আকুতি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে লাগা এ আগুনে দোকানগুলোর ভেতরে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা, খাদ্যসামগ্রী ও আসবাবপত্র সম্পূর্ণ বিনষ্ট হয়। ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ৩টার দিকে ফলতিতা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল দ্রুত পৌঁছে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে।

রাতের শেষভাগে বাজার বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। ফলে মিষ্টির দোকান, ভাতের হোটেল, মুদি দোকান ও ফাস্টফুডের দোকানসহ মোট ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

জীবিকার শেষ সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম দিশেহারা। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে দ্রুত সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, এ ঘটনায় বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা এবং জরুরি প্রবেশপথ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।