রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃষকদের জিম্মি করে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই বাজারে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত মূল্য নেওয়ার সত্যতা পাওয়ায় আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার টাকা এবং ‘সুধীর ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চালানো হচ্ছে। কোনো ব্যবসায়ী যদি নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়ার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ কৃষকরা।

