কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ছোট ভাইয়ের হাসপাতালে ভর্তির খবর শুনে বড় বোন অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে সাইফুন্নেসার ছোট্ট ভাই আবদুল গফুর (৬০) মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবরটি শুনে সাইফুন্নেসা (৬৫) মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। খুলনায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিহাদুর রহমান বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ওই নারীর মৃত্যু হতে পারে। তবে পরীক্ষা ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
অসুস্থ ছোট্ট ভাই হাসপাতালে ভর্তির খবরে বড় বোনের মৃত্যু হওয়ায় এলাকাসহ পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

