ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে তিন জন কে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের যমুনা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের মো. ছালাম, পুনর্বাসন এলাকার মো. চান মিয়া এবং কাওয়াখোলা গ্রামের মো. রফিক। আদালত প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, থানার এসআই লাল মিয়া, নৌ-পুলিশের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যমুনার ভূঞাপুর অংশে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন ও স্থানীয় পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বালুবাহী ড্রেজার ও যানবাহনের ঘূর্ণিমানে নদী তীরবর্তী এলাকায় স্থাপিত জিও ব্যাগ ডাম্পিং ব্যবস্থা ভেঙে পড়ার ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানায়, এই অবৈধ বালু উত্তোলনের কারণে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়ি, স্কুল, মাদ্রাসা ও মন্দির।
এর আগে এ প্রসঙ্গে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু বলেন, ‘অবৈধ বালু উত্তোলন যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। প্রশাসনকে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।’ উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর অস্তিত্ব ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

