বঙ্গভবনে আজ নতুন রাষ্ট্রপতির শপথ: দরবার হলে প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত ১২ শতাধিক অতিথি

0
বঙ্গভবনে আজ নতুন রাষ্ট্রপতির শপথ: দরবার হলে প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত ১২ শতাধিক অতিথি

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের ঐতিহ্যবাহী দরবার হল। সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। দরবার হলের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রেরিত আমন্ত্রণপত্র ও দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ পর্ব শুরু হবে।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন।

নতুন রাষ্ট্রপতির অভিষেক উপলক্ষে বঙ্গভবনে দেশি-বিদেশি প্রায় ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্যবৃন্দ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন।

দেশে ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর তৎকালীন আবদুর রহমান বিশ্বাস ও বদরুল হায়দার চৌধুরীর মধ্যে ভোটাভুটি হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর এ বছর একাধিক প্রার্থী থাকায় পুনরায় গোপন ব্যালটে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হলো।

মোট ৩৪৯ জন নিবন্ধিত সংসদীয় ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩৪৩ জন। নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীন অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং রাতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয় ও শপথগ্রহণের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দীর্ঘদিন রাজনীতির মাঠে নেতৃত্বের ভূমিকা পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের নতুন অধিবাসী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।