চট্টগ্রাম ব্যুরোঃ কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহন’-এর একটি বিলাসবহুল এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বাসে হুট করেই আগুন ধরে যায়। ওই সময় বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী থাকলেও অলৌকিকভাবে সবাই প্রাণে বেঁচে গেছেন এবং বড় ধরনের হতাহত এড়ানো সম্ভব হয়েছে।
বাসে থাকা যাত্রীরা জানান, যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে প্লাস্টিক বা ক্যাবল পোড়ার কড়া গন্ধ ও ধোঁয়া বের হতে থাকে। বাসের যাত্রী্রা জানান, গাড়ির ভেতরে নিমেষেই ধোঁয়াচ্ছন্ন হয়ে শ্বাসকষ্টের পরিবেশ তৈরি হয়। অভিযোগ রয়েছে, বিপদ বুঝতে পেরে বাসের চালক ও হেল্পার যাত্রীদের কোনো সতর্কবার্তা না দিয়েই বাস রেখে সটকে পড়েন।
পরবর্তীতে বাসের জানালা ভেঙে এবং পেছনের অংশ দিয়ে স্থানীয় অধিবাসীরা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে একে একে সব যাত্রীকে নিরাপদ বাইরে বের করে আনেন।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ সম্পন্ন করে এবং বাসের ভেতর থেকে যাত্রীদের মালামাল ও ব্যাগেজ উদ্ধার করে তা মালিকদের কাছে নিরাপদে হস্তান্তর করে।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ ইঞ্জিন চালু থাকা বা কোনো শর্ট সার্কিট থেকে অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে। পলাতক চালক ও সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ।

