গৌরীপুরে কর্মকর্তা-সংকট: এক ইউএনওর ওপর একাধিক দপ্তরের দায়িত্ব, ব্যাহত নাগরিক সেবা

0
গৌরীপুরে কর্মকর্তা-সংকট: এক ইউএনওর ওপর একাধিক দপ্তরের দায়িত্ব, ব্যাহত নাগরিক সেবা

গৌরীপুর প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে কর্মকর্তা-সংকট। গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের অতিরিক্ত দায়িত্ব একজন কর্মকর্তার ওপর থাকায় প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষ করে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদটি শূন্য থাকায় ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানা গেছে, উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা পদোন্নতি/বদলির কারণে অবমুক্ত হওয়ার পর গত ১৫ দিন ধরে এসিল্যান্ডের পদটি শূন্য রয়েছে। এতে নামজারি, মিস কেসসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। বর্তমানে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি ইউএনওর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদের প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব এবং গৌরীপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। একজন কর্মকর্তার ওপর একই সঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় সব দপ্তরের কার্যক্রম সমানভাবে তদারকি করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এর প্রভাব পড়ছে ভূমি সেবা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম এবং পৌরসভার নাগরিক সেবায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূমি অফিসে নামজারি, মিস কেসসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে এসে অনেকেই কাঙ্ক্ষিত সময়ে কাজ সম্পন্ন করতে পারছেন না। একইভাবে পৌরসভার নিয়মিত প্রশাসনিক কার্যক্রমেও অতিরিক্ত দায়িত্বের কারণে চাপ তৈরি হচ্ছে।

এদিকে গৌরীপুর পৌরসভা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। আগামী কয়েক মাসের মধ্যেই পৌরসভাটি শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৃথক ও পূর্ণকালীন প্রশাসনিক নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের দাবি ও প্রস্তাব বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় সচেতন মহল দ্রুত দুটি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। প্রথমত, গৌরীপুরে অবিলম্বে একজন পূর্ণাঙ্গ সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা। প্রয়োজনে তুলনামূলক কম কর্মভারসম্পন্ন উপজেলা থেকে কোনো সহকারী কমিশনারকে (ভূমি) গৌরীপুরে পদায়ন করা যেতে পারে বলে মত তাদের।

দ্বিতীয়ত, গৌরীপুর পৌরসভার জন্য পৃথক প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কোনো উপযুক্ত ক্যাডার কর্মকর্তা/ম্যাজিস্ট্রেটকে পূর্ণকালীন পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে পৌরসভার নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন তারা। স্থানীয়দের মতে, একজন কর্মকর্তার ওপর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখে দীর্ঘদিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হলে জনসেবা প্রত্যাশিত মাত্রায় নিশ্চিত করা কঠিন। তাই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত গৌরীপুরে পূর্ণাঙ্গ এসিল্যান্ড পদায়ন এবং পৌরসভায় পৃথক প্রশাসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল আশা করছে, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গৌরীপুরের প্রশাসনিক ও নাগরিক সেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।