তাহিরপুর প্রতিনিধি: টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগের আশায় ভোরে নৌকায় যাত্রা শুরু করেছিলেন একদল তরুণ। তবে হাওরে পৌঁছানোর আগেই মানাই নদীর গভীর জলে ডুবে প্রাণ হারান আব্দুল মাজেদ পিকলু (২৪)।
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিকলুসহ ১০ জনের একটি পর্যটক দল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সকাল ১০টার দিকে লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়।
এ সময় দলের কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান। অন্য কয়েকজন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর পিকলু আর পানির ওপর ভেসে ওঠেননি।খবর পেয়ে স্থানীয় লোকজন ও পিকলুর বন্ধুরা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য স্থানীয় বাসিন্দা মিসবাহ উদ্দিন পলাশ বলেন,পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসছিলেন কিন্তু পৌঁছানোর আগেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে এসে হাওরে প্রবেশের আগেই এক তরুণ পর্যটকের এমন করুণ মৃত্যু ফের প্রশ্ন তুলেছে পর্যটকদের নিরাপত্তা, নদীতে গোসল এবং নৌযাত্রায় সতর্কতার বিষয়ে।

