লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় এক নবপরিণীতা গৃহবধূকে অটোরিকশায় একা পেয়ে ধর্ষণের অভিযোগে তাজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পর স্থানীদের সহায়তায় পুলিশ তাঁকে আটক করে।
ভুক্তভোগী গৃহবধূর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত অটোরিকশাচালককে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত তাজ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে।
ঘটনাটি ঘটে বুধবার বেলা আনুমানিক তিনটার দিকে। মাত্র আট মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। মায়ের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর সদরে গিয়েছিলেন। বেলা তিনটার দিকে শ্বশুরবাড়িতে ফেরার উদ্দেশ্যে একটি ফাঁকা অটোরিকশায় ওঠেন তিনি। রিকশায় কোনো যাত্রী না থাকার সুযোগে নির্জন স্থানে চালক তাজ উদ্দিন তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। গৃহবধূর কান্নাকাটি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং হাতেনাতে অভিযুক্ত চালককে ধরে ফেলে পুলিশে খবর দেন। ঘটনার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অটোরিকশাচালককে আটক ও পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী নারীর দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার কাজ চলছে এবং মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

