মাসুদ রানা রাব্বানী: বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, রাজশাহীতেও একক প্রার্থী নিশ্চিত হবে। স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশ, একটা ক্যান্ডিডেট (প্রার্থী) হবে ইনশাআল্লাহ। বিএনপি দেশকে গড়তে জানে। বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক ক্যান্ডিডেট সব জায়গায় সুনিশ্চিত হবে, রাজশাহীতেও হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে,স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে। বিএনপির সব ওয়ার্ড, মহিলা কাউন্সিল, মেয়র পদ এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সব পদে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে দেশ বড়, দল বড়-বলেন তিনি।
মাদককে জাতির শত্রু উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, যারা মাদক নিয়ে আসছে, তাদের মূল সোর্স চিহ্নিত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য নতুন আইনও করা হয়েছে বলে জানান তিনি।
ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা ভূমিদস্যু, তাদের উৎখাত করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

