শার্শা প্রতিনিধি: দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে গিয়ে দীর্ঘ তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি তরুণী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। ফেরত আসা তরুণীরা হলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবনী বিশ্বাস (২২) এবং একই জেলার মহিষখোলা গ্রামের মনি বিশ্বাস (২০)।
ইমিগ্রেশন পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা দালালদের মাধ্যমে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালত তাদের কারাদণ্ড দেন। সাজা মেয়াদ শেষে ব্যাঙ্গালোরের ‘বালা মন্দির চাইল্ড হোম’ নামের একটি শেল্টার হোম তাদের আশ্রয় দেয়। পরবর্তীতে চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা দুই তরুণীকে পরবর্তী আইনি ও সামাজিক সহায়তার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল প্রতিনিধি শফিকুর রহমান জানান, ফেরত আসাদের আপাতত যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে এবং দ্রুতই স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিবারে হস্তান্তর করা হবে। পাশাপাশি, দালাল চক্রের ফাঁদ থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

