বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গভীর রাতে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে এক দল সশস্ত্র ডাকাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান শরীফের বাসভবনে এই নৈশ তাণ্ডব চালানো হয়।
রাত দুইটার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল সিদ্দিকুর রহমানের বসতবাড়িতে হানা দেয়। ধরা পড়ার ঝুঁকি এড়াতে তারা শুরুতেই বাড়িতে বসানো সিসিটিভি (CCTV) ক্যামেরাগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয়।
সিসিটিভি নিষ্ক্রিয় করার পরপরই ডাকাত দল ঘরের মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মুহূর্তের মধ্যে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে।
সিদ্দিকুর রহমান জানান, হাত-পা বাঁধার পর তার স্ত্রী ও ছেলেকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে তার ছেলের বুকে সরাসরি পিস্তল ঠেকিয়ে ডাকাতেরা চিৎকার করে বলে—”ঘরে যা কিছু আছে দ্রুত বের করে দে, না হলে এখনই গুলি করে মেরে ফেলব।”
ডাকাত দল ভয়ভীতি দেখিয়ে পুরো ঘর তছনছ করে নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকার এবং বৈদুতিক সামগ্রী লুট করে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী, খোয়া যাওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
সশস্ত্র ডাকাতেরা মালামাল গুটিয়ে স্থান ত্যাগ করার পর পরিবারের সদস্যরা নিজেদের বাঁধন মুক্ত করতে সক্ষম হন এবং চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের মূল চক্রকে শনাক্ত করতে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক আলামত সংগ্রহ করে জোর তদন্ত শুরু করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

