শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর সংলগ্ন বগুড়া- নগরবাড়ি মহাসড়কের বড়াল সেতুর দক্ষিণ পাশে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান(৫২) নামে একজন নিহত হয়েছেন। নিহত মোস্তাফিজুর রহমান পাবনা জেলার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত লিডার ছিলেন বলে জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাঘাবাড়ি নৌবন্দরে অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।
এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিএনজিটি ৩ জন যাত্রী নিয়ে বাঘাবাড়ী থেকে পাবনা যাচ্ছিলো । এক পর্যায়ে বগুড়া- নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী বড়াল সেতু দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আহত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , নিহত মোস্তাফিজুর রহমান ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত লিডার ছিলেন।
অন্যদিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত মোস্তাফিজুর রহমানের মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

