শার্শা প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই ইউপি সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশ পাহারায় তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পাড়িয়ার ঘোপ এলাকার সাবেক মেম্বার মোঃ খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর এলাকার শেখ নাজমুল হাসান (৫১), গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমানুর রহমান (৫৩) এবং আমলাই এলাকার ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় (মামলা নং-২৩) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

