রাজশাহী প্রতিনিধিঃ পদ্মা, বারনই ও বড়ালসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা অধ্যাপক ড. কনক আমিরুল ইসলাম। তিনি বলেন, একসময় রাজশাহীর ওপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হলেও দখল, দূষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক নদী অস্তিত্ব হারিয়েছে। নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব নদী দখল ও দূষণ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন। তিনি বলেন, নদী রক্ষায় তরুণ সমাজকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা জলচুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নবায়নের দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে আব্দুর রহিম পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফ ইসলাম, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া, সাধারণ সম্পাদক আশিক ও সাবেক সভাপতি নাহিদ।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও গ্রীন ভয়েসের রাজশাহী জেলা শাখার সদস্যদের পাশাপাশি নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নদী দখল-দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

