পীরগাছা প্রতিবেদক: রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজ্যুমার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট . তারেক হাসান তাহসিন। এসময় উপস্থিত ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

