জয়নাল আবেদীনঃ রংপুরের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সদ্য প্রয়াত সিনিয়র মেডিকেল অফিসার ডা. বিভাস চন্দ্র মহন্ত- স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।স্মরণসভায় বক্তারা প্রয়াত ডা. বিভাস চন্দ্র মহন্ত রোগী বান্ধব চিকিৎক হিসেবে কর্মময় জীবন, চিকিৎসা সেবায় অবদান, সততা, কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা, বিনয়, উদারতা ও মানবিক গুণাবলি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, সহমর্মিতা ও রোগীবান্ধব আচরণের কথাও বক্তারা বিশেষভাবে তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ডা. বিভাস চন্দ্র মহন্ত ছিলেন একজন সজ্জন মানুষ। দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সবার সঙ্গে তাঁর সহজ-সরল ও বিনয়ী আচরণ তাঁকে প্রতিষ্ঠানের সকলের কাছে একজন প্রিয় ও শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।স্মরণসভায় তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অনুষ্ঠানের একটি আবেগঘন পর্বে প্রয়াত ডা. বিভাস চন্দ্র মহন্তের কর্মজীবন, ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলি তুলে ধরে প্রস্তুতকৃত স্মরণ মানপত্র পাঠ করা হয়।
পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যদের হাতে মানপত্রটি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে তুলে দেওয়া হয়।স্মরণসভায় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের জনক রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, ডা. অশোক কুমার ভদ্র, ডা. মফিজুল ইসলাম মান্টু, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান, ডা. রাহেনুল মন্ডল আপেল, ডা. প্রবাল সূত্রধর, সিইও মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের সিনিয়র মেডিকেল অফিসার বেশ কজন সেবা গ্রহিতা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এছাড়াও প্রয়াত ডা. বিভাস চন্দ্র মহন্ত‘র পরিবারের সদস্যবৃন্দ।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার সিইও আনোয়ার হোসেন বলেন,ডা. বিভাস চন্দ্র মহন্তের প্রয়াণে রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর কর্ম, আদর্শ ও মানবিকতার স্মৃতি আমাদের মাঝে অম্লান হয়ে থাকবে। উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর ডা, বিভাস চন্দ্র মহন্ত চিকিৎসাধীন থেকে পরোলোক গমন করেন ।

