জয়নাল আবেদীনঃ রংপুর নগরীর উন্নয়নে ১৮’শ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল হয়েছে। বুধবার রাতে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হল মাঠে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন। এরই অংশ হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প আজ একনেকে অনুমোদন করেছেন। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর কাঙ্খিত উন্নয়ন হবে। অনেক নাগরিক সমস্যার সমাধান হবে।
বক্তারা আরও বলেন, একটি দল সব সময় বিএনপি’র ভাল কাজের বিরোধীতা করে আসছে। তারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর নেয়া ভাল উদ্যোগগুলো নস্যাৎ করার চেষ্টা করবে। এ থেকে সকলকে সতর্ক থাকতে হবে। এসব প্রকল্প বাস্তবায়নে রংপুর নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। এ সময় বক্তারা নগরীর উন্নয়নে ১৮’শ কোটি টাকা বরাদ্দ দেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

