শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে বাগআঁচড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের অন্তত ১০টি মুদি ও শিশু খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অসদুপায় অবলম্বনের দায়ে ‘মা স্টোরকে ১০ হাজার টাকা এবং ৩৮ ধারায় একই অপরাধে শহিদুল স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য ও বিক্রয় কার্যক্রমে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

