৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক পাখির কাঁচা মাংস চিবিয়ে খেলেন : ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার

0
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক পাখির কাঁচা মাংস চিবিয়ে খেলেন : ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: মাত্র ৫০০ টাকার নোংরা বাজিতে জিতে প্রকাশ্যে একটি জীবন্ত শালিক পাখির পালক উপড়ে কাঁচা মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগ উঠেছে মো. সাহাদুল্লা (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। হাড়হিম করা ও অমানবিক এই ঘটনার ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। ঘটনার তীব্রতা নজরে আসার পরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কোয়ালিকান্দি বাজারেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বাজারের রাস্তার পাশে বসে আছেন মধ্যবয়সী মো. সাহাদুল্লা। তাঁর হাতে ডানা ঝাপটাতে থাকা একটি ছটফটে জীবন্ত শালিক পাখি। অত্যন্ত নির্মমভাবে তিনি পাখিটির শরীর থেকে একের পর এক পালক উপড়ে ফেলছেন। পালক ছাড়ানো শেষে কোনো রকম রান্না বা প্রক্রিয়াজাত ছাড়াই জ্যান্ত পাখিটির দেহ থেকে কাঁচা মাংস ছিঁড়ে নিয়ে চিবিয়ে খাচ্ছেন।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই চরম নৃশংতার সময় তাঁকে ঘিরে উৎসুক পথচারী, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে দৃশ্যটি উপভোগ করছিলেন এবং অনেকেই মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন।

ভিডিওটি প্রথম নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন। তিনি জানান, স্থানীয় এক যুবক ৫০০ টাকার বাজিতে এই পাশবিক ঘটনাটি ঘটার পর ভিডিওটি পাঠায়। অমানবিক ও বন্যপ্রাণীর ওপর এমন নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বিষয়টি জনসমক্ষে আনেন। ভিডিও প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং সচেতন নাগরিকরা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার সত্যতা ও প্রৌঢ়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়। তিনি জানান, “জীবন্ত পাখি চিবিয়ে খাওয়ার মতো একটি অমানবিক ও নৃশংস দৃশ্য সোশ্যাল মিডিয়ায় নজরে আসার সাথে সাথেই আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত মো. সাহাদুল্লাকে শনাক্ত করে থানায় নিয়ে আসা হয়েছে। বন্যপ্রাণী ও পশুপাখির ওপর এমন নিষ্ঠুরতা বরদাশত করা হবে না। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”