রংপুর ধর্মসভায় আসছেন প্রধানমন্ত্রী,সার্বিক নিরাপত্তা প্রদানের অঙ্গীকার বিজিবি’র

0
রংপুর ধর্মসভায় আসছেন প্রধানমন্ত্রী,সার্বিক নিরাপত্তা প্রদানের অঙ্গীকার বিজিবি’র

জয়নাল আবেদীনঃ রংপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে। মন্ডপে মন্ডপে চলছে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও আরতি। দর্শনার্থীরা নতুন পোষাকে পরিবার-পরিজন নিয়ে প্রতিমা দর্শন করছেন। এ বছর মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পূজা মন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার খবরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দূর্গা উৎসবে আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে। তাঁর আগমনকে ঘিরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার বিকেলে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাজিউর রহমান। তিনি ওই মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন নিয়ে মন্দির কমিটির সাথে কুশল বিনিময় করেন এবং বিজিবি’র পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এরপর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক নগরী শ্রী শ্রী করুনাময়ী কালিমন্দির পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়সহ শুভেচ্ছা উপহার প্রদান করেন।

৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাজিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর রংপুর ধর্মসভায় পূজামন্ডপ দেখতে যাবেন। ব্যাটালিয়ন হেডকোয়াটার্সের পক্ষ থেকে ৪টি পেট্রোল টিম আমরা নির্ধারণ করেছি। এসএসএফের সাথে আমাদের সমন্বয় হয়েছে। তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে যে স্থানগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেখানে সশস্ত্র বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা বিধানের জন্য আমাদের অংশে যা করনীয় তাই করা হবে।

এছাড়া সৈয়দপুর বিমানবন্দের আমাদের একটি পেট্রোল টিম প্রধানমন্ত্রীর আগমন থেকে প্রস্থান পর্যন্ত অবস্থান করে নিরাপত্তা প্রদান করবে। তিনি বলেন, রংপুরের সকল পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের টহল অব্যহত রয়েছে। পুলিশের সাথে সমন্বয়ক করে আমরা নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছি। আশা করছি দূর্গাপূজায় কোন দূস্কৃতিকারীর চেষ্টা সফল হবে না।

এদিকে দুপুরে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রংপুর শ্রী শ্রী করুনাময়ী কালিমন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্দির কমিটি ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, দূর্গা পূজায় আমি কখনো রংপুরে পূজামন্ডপ পরিদর্শন করিনি। রংপুরে সুন্দর পরিবেশে পূজা হচ্ছে। সৌহার্দ্যপূর্ণ-সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। আশা করছি দূর্গা মা যেন সকলকে সুখ-শান্তি, সমৃদ্ধি দান করেন।