জয়নাল আবেদীন্ঃ রংপুরে প্রি-পেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল ও সেবার নামে হয়রানির প্রতিবাদে ৩০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। ওইদিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস দিবস হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছে। রবিবার রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ গ্রাহক ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু এ ঘোষণা দেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, প্রিপেইড মিটার অপসারণ ও প্রকল্প বাতিল, নতুন গ্রাহকদের ডিজিটাল পোস্টপেইড মিটার প্রদান, নেসকো দুর্নীতি, সেবার নামে হয়রানি বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রংপুরবাসী বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃত্বে আন্দোলন করে আসছে। ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, মানববন্ধন বিক্ষোভ-সমাবেশসহ নানা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। সর্বশেষ ‘স্তব্ধ রংপুর’ প্রতীকী কর্মসূচী ও নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হলেও নেসকো কর্তৃপক্ষ গণদাবীকে পাশ কাটিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। বর্তমান উর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে জীবন চালানো যেখানে দায়, সেখানে বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার উপর মরার উপর খরার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের জীবন অতিষ্ট করে ফেলেছে। তাই বিষয়টি সরকার প্রধানের দৃষ্টি গোচর করতে এবং দাবি বাস্তবায়ন করতে আগামী ৩০ নভেম্বর সোমবার ছয়টা হতে বারোটা সর্বাত্মক অর্ধদিবস দিবস হরতালের কর্মসূচি ঘোষণা করা হলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা।

