পাবনার ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

0
পাবনার ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজের ওপর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর বিকেল পনে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড় ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার কুঠিপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে সামিউল। বিকেলে দুই ভাই ঘোরাঘুরির উদ্দেশ্যে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যায়। একপর্যায়ে তারা বড়াল ব্রিজ স্টেশনের উপর ওঠে। এ সময় হঠাৎ বনলতা এক্সপ্রেস ট্রেন চলে এলে দুই ভাই সরে যাওয়ার চেষ্টা করে। বড় ভাই দ্রুত সরে যেতে পারলেও সামিউল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিউল কে মৃত ঘোষণা করেন। মাত্র ১৩ বছর বয়সে সামিউলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।