পর্যটন কার্নিভালে সাগরকন্যা কুয়াকাটার হোটেল-মোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

0
পর্যটন কার্নিভালে সাগরকন্যা কুয়াকাটার হোটেল-মোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

কলাপাড়া প্রতিনিধি : আগামী ২৩ ও ২৪ অক্টোবর পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত এ উৎসবে দেশের নামিদামি তারকা নায়ক-নায়িকা, তারকা শিল্পী, তারকা ফ্যাশন ডিজাইনার, তারকা অভিনেতা ও তারকা ফুটবল এবং ক্রিকেট খেলয়াররা অংশগ্রহন করবনে। এ দুই দিনে কুয়াকাটায় অন্তত ৩ থেকে ৪ লাখ পর্যটক আগমনের আশা করছেন পর্যটন সংশ্লিটরা।

সরেজমিনে জানা যায়, তাই এ উৎসবকে আরো রাঙিয়ে তুলতে কুয়াকাটায় হোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষনা দিয়েছে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্ম এ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মোতালেব শরীফ। এ সংক্রান্ত একটি বিশেষ জরুরী নোটিশ দিয়েছে সংগঠনটি। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. সাইদ হাসান স্বাক্ষরিত ওই নোটিশে চারটি নির্দেশনা দেয়া হয়।

সংগঠনটির নির্দেশনাগুলো হলো আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটার সকল হোটেল ও মোটেলে রুম ভাড়ার ওপর বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ ছাড় প্রদান করতে হবে, প্রতিটি হোটেলে রিসেপশন বা অভ্যর্থনা কাউন্টারে এবং গেস্টদের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে স্পষ্টভাবে ৫০ শতাংশ ডিসকাউন্টকৃত ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে হবে এবং কোনো অবস্থাতেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বা তালিকা বহির্ভূত কোনো অতিরিক্ত অর্থ পর্যটকদের নিকট থেকে আদায় করা যাবে না, কার্নিভাল চলাকালীন ও এর পূর্ববর্তী সময়ে প্রতিটি হোটেল, মোটেল ও এর আশপাশের পরিবেশ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ও ইভেন্টটিকে উৎসবমুখর করে তুলতে প্রতিটি হোটেল ও মোটেলের প্রাঙ্গণ, মূল ফটক এবং সম্মুখভাগ নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে সাজাতে হবে এবং আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে।

এ উৎসবে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদান, তাদের অভ্যর্থনা স্মৃতিরূপে ধরে রাখা এবং কুয়াকাটার ইতিবাচক সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনাগুলো কঠোরভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ নির্দেশনা পালনে কোনো ধরনের ব্যত্যয় বা পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

কুয়াকাটা হোটেল মোটের ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে অনেক হোটেল মোটেল নতুন রংয়ে সাজানো হয়েছে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমাদের ৩ শতাধিক হোটেল মোটেলের মধ্যে প্রথম শ্রেণীর অধিকাংশ হোটেলের সকল কক্ষ বুকিং হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর হোটেলগুলো সমান হারে বুকিং হচ্ছে। আশা করছি কার্নিভালের আগেই শতভাগ হোটেল বুকিং হবে। কুয়াকাটা পর্যটন শিল্পকে বিকষিত করতে এ কার্নিভালের আয়োজন করেছে প্রশাসন। তাই আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি আশা করছি হোটেল মালিকরা সকল নির্দেশনা পালন করবেন। হোটেল মোটেল মালিকদের নিয়েই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি।