ভেড়ামারায় পদ্মায় নদীভাঙনে শত শত বিঘা পানবরজ বিলীন, চাষিরা সর্বস্বান্ত

0
ভেড়ামারায় পদ্মায় নদীভাঙনে শত শত বিঘা পানবরজ বিলীন, চাষিরা সর্বস্বান্ত

কুষ্টিয়া প্রতিিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন আড়কান্দি, মাধবপুর ও রায়টাই বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে নদীভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা পানবরজ। স্থানীয়দের দাবি, বারবার তাগিদ দেওয়ার পরও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙনরোধে কোনো প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় শত শত পানচাষি এখন সর্বস্বান্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার তীব্র স্রোত ও ভাঙনে আড়কান্দি, মাধবপুর ও রায়টাই বিস্তীর্ণ এলাকার পানবরজ নদীগর্ভে চলে যাচ্ছে। ইতিমধ্যে শত শত বিঘা পানক্ষেত বিলীন হয়েছে। আরও বিস্তীর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এতে স্থানীয় পানশিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে।

হাজার হাজার পানচাষি ও বরজে কর্মরত শ্রমিকদের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার পথে। স্থানীয়রা জানান, বারবার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরও ভাঙনরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চাষিরা এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় পানচাষিরা বলেন, ‘পানই আমাদের একমাত্র আয়ের উৎস। নদীভাঙনে সব শেষ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা না নিলে আরও অনেক চাষি সর্বস্বান্ত হবেন।’