শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ২৬ বছর বলে জানিয়েছে পুলিশ। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি কুড়িকাহনীয়া সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামের মুখ খোলা থাকায় এর ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে গিয়ে এক নারীর লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা আহেদ আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কুড়িকাহনিয়া সেতুর নিচে কুড়েমনি খালে একটি ড্রামের মধ্যে নারীর লাশ দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ড্রামের ভেতরে লাশটি পাওয়া যায়। নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে লাশটি নিচে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআইয়ের সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

