রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে  ভয়াবহ অগ্নিকাণ্ড  

0
রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে  ভয়াবহ অগ্নিকাণ্ড  

জয়নাল আবেদীন্ঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে  শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনায় ছয় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর স্বাভাবিক হয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ত্রুটি মেরামত শেষে হাসপাতালের ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে হাসপাতালের প্রশাসনিক ভবনে বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখা-সংলগ্ন একটি সুইচ বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি দেখতে পেয়ে কর্তব্যরত এক নার্স ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও বৈদ্যুতিক তার পুড়ে যায়। ফলে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তিতে পড়েন ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা।

দীর্ঘ ছয় ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে বিদ্যুতের লাইনের ত্রুটি মেরামত করা সম্ভব হয়। এরপর হাসপাতালের ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার পর ডায়ালাইসিস, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেখানে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।তিনি আরও জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।