কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

0
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামে হামলায় নিহত জাহাঙ্গীর আলমের (২৯) পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় উপজেলা জামায়াতের আমির মো. মাসুক আলী ও আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের নেতৃত্বে জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিহতের বাড়িতে যান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

পরে নেতৃবৃন্দ কমলগঞ্জ থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজুর সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

এ সময় পুলিশ জানায়, এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১ নভেম্বর) বিকেলে জমি বিক্রির মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ময়নুল হককে আটক করেছে।