তৈরি পোশাক খাতের আন্দোলন, গঙ্গা চুক্তি ও প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ভারতের বার্তা

0
তৈরি পোশাক খাতের আন্দোলন, গঙ্গা চুক্তি ও প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ভারতের বার্তা

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা, প্রস্তাবিত গঙ্গা পানি চুক্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফরসহ দুই দেশের স্পর্শকাতর ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে সামগ্রিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সঙ্গে একটি ‘ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের একঝাঁক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন এবং এর প্রভাবে ভারতের অর্থনীতি বা সীমান্ত বাণিজ্যে কোনো ব্যাঘাত ঘটবে কি না—এমন প্রশ্নে জয়সওয়াল জানান, ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলের সার্বিক গতিবিধির ওপর নজর রাখছে নয়াদিল্লি। তবে এ ধরনের পরিস্থিতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে পিটিআই-এর এক সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ওঠা গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতীয় পণ্য, ট্রানজিট ও করিডোর সুবিধা বন্ধের হুমকির প্রসঙ্গটি তোলেন। এর জবাবে রণধীর জয়সওয়াল কোনো উত্তপ্ত বিতর্ক এড়িয়ে চলেন এবং আইনি ব্যবস্থার প্রতি জোর দিয়ে বলেন, “গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন আলোচনার জন্য ইতোমধ্যে ‘যৌথ নদী কমিশন’ (JRC) নামের একটি প্রাতিষ্ঠানিক ও সুনির্দিষ্ট কাঠামো রয়েছে। এই যৌথ নদী কমিশনের মাধ্যমেই সকল আন্তঃসীমান্ত নদীর অমীমাংসিত বিষয়ে সুশৃঙ্খল আলোচনা বজায় থাকবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর পিছিয়ে যাওয়া এবং নতুন সরকার গঠনের পর ঢাকার সঙ্গে দিল্লির দূরত্ব বৃদ্ধি বা চীন-পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি নিশ্চিত করেন যে ভারত ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং সফরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হলে তা গণমাধ্যমকে আপডেট জানানো হবে।

একইসঙ্গে কূটনৈতিক দূরত্ব বাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে জয়সওয়াল জোর দিয়ে বলেন, ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্কের তাগিদেই ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি টেকসই ও দূরদর্শী বন্ধুত্ব এগিয়ে নিতে কাজ করছে।