কুষ্টিয়া প্রতিনিধি: ঐতিহ্যবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। খুলনা-ঢাকা রুটে ভেড়ামারা হয়ে ট্রেন চলাচল বহাল রাখার দাবিতে বুধবার (১১ নভেম্বর) এসব কর্মসূচি পালন করেন তারা।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভেড়ামারা রেলওয়ে স্টেশনে এসব কর্মসূচি চলে। এ সময় আন্দোলনকারীদের অবরোধের কারণে মহানন্দা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে।
ভেড়ামারা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাজিব কুমার বিশ্বাস জানান, আন্দোলনকারীদের অবরোধের কারণে বুধবার মহানন্দা এক্সপ্রেসের ডাউন (১৬) ট্রেনটি বেলা ১১টা থেকে এবং কপোতাক্ষ এক্সপ্রেসের আপ (৭১৫) ট্রেনটি কিছু সময় আটকে থাকে।
মানববন্ধন ও রেলপথ অবরোধ শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহারের মাধ্যমে স্মারকলিপি দেন তারা।

