উলিপুর প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিকাশের দোকানে জাল টাকা লেনদেন করার সময় ফারুক মিয়া (৩৫) কে আটক করেছে জনতা। পরে বিকাশের দোকানী সহ আশেপাশের দোকানীরা জাল টাকার বিষয় নিশ্চিত হলে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ২০ হাজার ৫০০ টাকার জাল নোট সহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আটককৃত ফারুক মিয়া রৌমারি জাদুরচর এলাকার রাজ্জাক আলীর ছেলে। আটকের ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে বিকাশের দোকানে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পাঁচপীর বাজারে প্রতারক ফারুক মিয়া এক বিকাশের দোকানে ২০ হাজার টাকা বিকাশে লেনদেন করেন। এসময় দোকানদারের সাথে টাকা লেনদেন করেন ফারুক মিয়া। টাকা গুলো দেখে দোকানদারের সন্দেহ হলে আশেপাশের অন্যান্য দোকানদারদের টাকা দেখার জন্য ডাক দেন। এসময় সবাই টাকা গুলো দেখে বুঝতে পারেন সব জাল টাকা। পরে উলিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ২০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ প্রতারক ফারুক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাল নোট সরবরাহকারী প্রতারকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

