নারায়ণগাঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তা প্রতিহত করে ৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সাইনবোর্ডস্থ এলাকা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং ৫ জনকে আটক করে রাখে। পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি টহল টিমের এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে আটকদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।
আটকরা হলেন ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১), মো. আবির (১৫)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পরে তাদের থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা যুবলীগ ও ছাত্রলীগের সদস্য।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি মশিউর রহমান রনি জানান, গভীর রাতে সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সংবাদ পেয়ে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিছিলটি প্রতিহত করে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আর তাদের বহনকৃত একটি লেগুনা গাড়ি দৌড়ে বিসিক এলাকা থেকে আটক করা হয়।

