মেহেন্দীগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

0
মেহেন্দীগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মুলাদী প্রতিনিধি: বরিশালের মেহেন্দীগঞ্জে রিয়ামনি (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের ঢালী বাড়ি থেকে এই লাশ উদ্ধার করে থানা পুলিশ। রিয়ামনি ওই গ্রামের ইমন ঢালীর স্ত্রী। শ্বশুর বাড়ির ওপর অভিমান করে রিয়ামনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী ইমন। তবে রিয়ামনির মামা রাশেদ হাওলাদারের দাবি, নুপুর বিক্রি করায় রিয়ার স্বামী ও তার পরিববারের লোকেরা হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করছেন। এঘটনায় রাশেদ হাওলাদার বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় মামলা করবেন বলে জানান।

বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে রিয়ামনির লাশ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে তার মামা বাড়িতে দাফন করা হয়।

রাশেদ হাওলাদার জানান, ২০১৫ সালে তার বোন মারা যাওয়ার পর থেকে ভাগ্নি রিয়ামনি তাদের বাড়িতে থাকতেন। প্রায় ৬ মাস আগে অর্থ্যাৎ গত মে মাসে প্রেমের সম্পর্কে উলানিয়ার হাসানপুর গ্রামের খবির ঢালীর ছেলে ইমনের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের ২ মাসের মাথায় ইমন বিভিন্ন অজুহাতে রিয়াকে নির্যাতন করতো। গত ৮ নভেম্বর রিয়ার নানু মারা গেলে সেখানে যেতে বাঁধা দেন ইমন। পরে ৪শত টাকায় নুপুর বিক্রি করে রিয়া নানুর লাশ দেখতে যায়। এতে ইমন ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে মারধর করে।

রাশেদ আরও বলেন, গতকাল সকালে ইমনের বাড়ি থেকে জানানো হয় রিয়া মারা গেছে। কিন্তু কিভাবে মারা গেছে সেটা তারা বলেনি। পরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়ার লাশ মেহেন্দীগঞ্জ থানা পুলিশ নিয়ে মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ইমন ঢালী জানান, পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরে রিয়ার সঙ্গে তার ঝগড়া হচ্ছিলো। বুধবার সকালে সবার অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। তাকে কেউ নির্যাতন করেনি।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ান পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।