ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা (৪০) নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহেল রানা বেতাই গ্রামের শফিউদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ছোট ভাই জুয়েল দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে কাজ করতেন। বিদেশে থাকাকালীন সময়ে তিনি নিয়মিত বড় ভাই সোহেলের কাছে টাকা পাঠাতেন। প্রায় দুই মাস আগে ছুটিতে বাড়ি ফেরার পর জুয়েল ওই টাকার হিসাব চান। কিন্তু সোহেল রানা তা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গত কয়েক সপ্তাহ ধরে ভাই দু’জনের মধ্যে উত্তেজনা বাড়ছিল।রবিবার দুপুরেও একই বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুয়েল ঘরে থাকা বটি হাতে নিয়ে বড় ভাই সোহেলের ওপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। এ বিষয়ে ঝিনাইদহ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পারিবারিক টানাপড়েন থেকে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, দুই ভাইয়ের এমন পরিণতি কেউই কল্পনা করতে পারেননি।

