মহেশপুরে বড় মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ তিনজন আটক

0
মহেশপুরে বড় মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ তিনজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা, নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা, তিনটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগীহুদা গ্রামের কথিত মাদক কারবারি দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলি বেগম (৩৭), ছেলে লিমন হাসান (২৩) এবং জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে আটক করে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুরো এলাকা ঘিরে পরিকল্পিতভাবে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।