
জয়নাল আবেদীনঃ রংপুর জেলায় গত এক বছরে ৬৫টি হত্যাকান্ড ৩৭টি ধর্ষণ, ১০টি অপহরণ, ৫৫টি চুরি এবং ১শ০৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে । আর এগুলো পুলিশের খাতায় নথিভুক্ত করা হয়েছে । এসব অপরাধের মধ্যে কয়েকটি নৃশংস ঘটনা রংপুরবাসীর মনে গভীর দাগ কেটেছে।
গত ৬ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। একই উপজেলার বুড়িরহাট এলাকায় ১০ আগস্ট ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান রুপলাল ও প্রদীপ দাস নামে দুই ব্যক্তি। এসব ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং সামাজিক নিরাপত্তাহীনতার চিত্র ফুটে ওঠে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বলেন, রাত্রীকালীন টহল কার্যক্রম নিয়মিত চলছে। অপরাধ দমনে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগই পারে রংপুরে নিরাপত্তার আস্থা ফিরিয়ে আনতে।
তিনি বলেন আগে রংপুরে গরু চুরি বেশি হতো, কিন্তু গত দুই মাসে চুরির সংখ্যা অনেক কমেছে। টহল জোরদার করার সুফল আমরা পাচ্ছি। তিনি আরও বলেন, যেসব খুনের ঘটনা ঘটেছে, সেগুলোর আসামিদের গ্রেফতারে পুলিশ সফল হয়েছে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার না পায়, সে বিষয়ে আমরা দৃঢ়।
