মাদারীপুর প্রতিনিধি: জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী কিনাই (ছদ্মনাম)। সহজ-সরল এই যুবক পাচখোলা মহিষেরচর ইউনিয়নের বাসিন্দা। জীবিকার তাগিদে প্রতিদিনই হেঁটে হেঁটে বিভিন্ন এলাকায় মানুষের সহায়তায় পাওয়া টাকা নিয়ে বাড়ি ফেরেন তিনি।
স্থানীয়রা জানান, সম্প্রতি টাকা সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় কিশোর গ্যাংয়ের কবলে পড়েন কিনাই। কোনো কারণ ছাড়াই একদল কিশোর তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতে ধারালো খুড় দিয়ে কোপ দিলে গুরুতর আহত হন তিনি। আহত কিনাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দিতে হয়।
বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে চরম ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। ঘটনার পরপরই এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, একজন বুদ্ধিপ্রতিবন্ধী ও অসহায় মানুষের ওপর এ ধরনের নির্মম হামলা সমাজের অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে।
এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

