মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে ইতালি প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে টিনশেড ঘরের ছাদের টিন কেটে ঘরে প্রবেশ করে ডাকাত দল এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগীরা হলেন—ইতালি প্রবাসী আলামিন পাটোয়ারী ও ইমন পাটোয়ারী। তারা কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামের মরহুম দওলত আলী পাটোয়ারীর সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাত দলের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। তবে স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই সংঘটিত হয় এই নৃশংস ডাকাতির ঘটনা।
ঘটনার বর্ণনায় কান্নাজড়িত কণ্ঠে প্রবাসী আলামিন পাটোয়ারীর মা সুমা আক্তার (৫০) বলেন, দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি মাদারীপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা করেন এবং কয়েকদিন বোনের বাড়িতে অবস্থান করেন। পরে ঘরের মালামাল নেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়িতে আসেন। তিনি বলেন, “বুধবার সকাল দশটার দিকে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখি পুরো ঘর তছনছ করা। আমার ২৬ বছরের সংসার আজ ডাকাত দল সব তছনছ করে সবকিছু নিয়ে গেল। আমার আর কিছুই রইল না।” কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সুমা আক্তার আরও জানান, ডাকাতরা তার ঘরে থাকা মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও চেকবই নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাত বলেন, “কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

