বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক (কোদাল প্রতীক) এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীক) কর্মীদের মধ্যে এই সংঘাত ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার সন্ধ্যায় হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডের মগবাজার মীরবাগ এলাকায় সাইফুল হকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শেষ করে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন কর্মীরা। সাইফুল হকের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের অনুসারী জনৈক মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়।
আহত ৫ জনের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন: আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫), আব্দুর রহমান সাকিন (৩০)
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। সাইফুল হক নিজেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।
হাসপাতাল প্রাঙ্গণে সংবাদকর্মীদের সাথে আলাপকালে সাইফুল হক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন: “আমাদের শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে।”
তিনি আরও জানান, এই হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ঢাকা-১২ আসনের বেশ কিছু ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্বাচনী সহিংসতা রোধে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ হস্তক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দাবি করেছেন।

