রশীদ লতিফের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ ফিরলে তবেই পাকিস্তান খেলবে’

0
রশীদ লতিফের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ ফিরলে তবেই পাকিস্তান খেলবে’

ক্রীড়া ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিচ্ছে না পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পিসিবি, যা আইসিসি-কে ঠেলে দিয়েছে বিশাল আর্থিক ক্ষতির মুখে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশীদ লতিফ এই ইস্যুতে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে এবং পাকিস্তানকে যথাযথ সম্মান দেওয়া হলেই কেবল আমরা ভারতের বিপক্ষে মাঠে নামব।”

ইউটিউব চ্যানেল ‘কাট বিহাইন্ড’-এ লতিফ আরও যোগ করেন, “আইসিসি যত খুশি চিঠি লিখুক, লাভ নেই। তারা পিসিবি-কে নয়, বরং পাকিস্তান সরকারকে চিঠি লিখুক। আমাদের সরকার আমাদের ভারত যাওয়ার অনুমতি দেয়নি, ঠিক যেভাবে ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয় না। আমরা সরকারের নির্দেশেই চলছি।”

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আইসিসি-র আয়ের প্রধান উৎস। পাকিস্তানের বয়কটের ঘোষণায় টুর্নামেন্টের সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও স্পন্সররা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইসিসি পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানালেও এখন পর্যন্ত বরফ গলেনি।

আইসিসি যদি পাকিস্তান ও বাংলাদেশকে শাস্তির আওতায় আনে বা নিষিদ্ধ করে, তবে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লতিফ। তিনি বলেন, “যদি আমাদের নিষিদ্ধ করা হয়, তবে পাকিস্তান ও বাংলাদেশ মিলে নিজেদের মধ্যে আলাদা টুর্নামেন্ট আয়োজন করবে। আমরা সেখানেই খেলব, কিন্তু মাথা নত করব না।”

রশীদ লতিফের মতে, সমস্যার সমাধান একটাই—আইসিসি-কে নিজে উদ্যোগী হয়ে বাংলাদেশ ও পাকিস্তানকে সম্মানের সঙ্গে টুর্নামেন্টে ফিরিয়ে আনতে হবে।