জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার আটক

0
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস সংলগ্ন সরকারি কোয়ার্টার থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, হ্যাকিংয়ের ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অভিযানকালে তার ব্যবহৃত ল্যাপটপ ও মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণ যাচাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়। যেখানে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে ‘পতিতাবৃত্তির অন্য রূপ’ হিসেবে উল্লেখ করা হয়। এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে বিএনপিপন্থী অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সাররা একে নারী সমাজের প্রতি চরম অবমাননা হিসেবে অভিহিত করেন।

বিতর্কিত পোস্টের পরপরই জামায়াতের পক্ষ থেকে জানানো হয় যে, তাদের আমিরের অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। গত রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আইটি সেল ডিজিটাল প্রমাণ উপস্থাপন করে জানায়: `[email protected]` এই সরকারি মেইল অ্যাড্রেসটি ব্যবহার করে একটি ফিশিং ফাইল পাঠিয়েছিল। ‘নির্বাচন সংক্রান্ত তথ্য’ সম্বলিত একটি ফাইল পাঠানোর আড়ালে মূলত অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়া হয়। জামায়াতের দাবি অনুযায়ী, এই মেইলটি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রোগ্রামার ছরওয়ারে আলমের, যার প্রেক্ষিতেই ডিবি এই অভিযান পরিচালনা করে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধু আমিরের নয়, দলের আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার অ্যাকাউন্টেও সাইবার হামলা চালানো হয়েছে। বর্তমানে ডিবি পুলিশ আটক ছরওয়ারে আলমের ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই হ্যাকিংয়ের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় এক ব্যক্তিকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।