বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর কদমতলীতে নির্বাচনী গণসংযোগকালে কাজী মারিয়া ইসলাম বেবি নামে জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে। আহত মারিয়া ইসলাম বেবি জামায়াতের একজন রুকন ও সক্রিয় নারী নেত্রী।
আহত নেত্রী জানান, ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা ৫২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছিলেন। প্রচারণাকালে কিছু ব্যক্তি তাদের বাধা প্রদান করে এবং প্রার্থীর পরিচিতি নিয়ে তর্কে লিপ্ত হয়।
মারিয়া ইসলাম বেবি অভিযোগ করেন: “একটি সরু গলির ভেতরে ঢোকার পর হঠাৎ পেছন থেকে কেউ একজন ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। হামলাকারীকে চেনার সুযোগ পাইনি।”
এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাতেই বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। কদমতলী থানা জামায়াতের পক্ষ থেকে আজ রাত সাড়ে ৮টায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: জামায়াতের একজন নারী কর্মী আহত হওয়ার খবর পুলিশ পেয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

