মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, পুলিশের মধ্যে বর্তমানে কোনো ভীতি কাজ করছে না এবং তারা দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত।

এবারের নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত সুদৃঢ়।” নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে তিনি নিশ্চিত করেন। কোনো প্রার্থী অশোভন আচরণ করলে সামাজিকভাবে কোণঠাসা হওয়ার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

“জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সমন্বয় দৃঢ় করতেই এই আয়োজন।” বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় মূলত আগামী নির্বাচন ও গণভোটের নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন: নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন, পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ