
জয়নাল আবেদীন: রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসার দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রী সন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় গ্রেফতার হওয়া যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে জামিন দিয়েছে আদালত।
এর আগে সোমবার রাতে র্যাব ১৩ ও মহানগর গোয়েন্দা পুলিশ যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে গ্রেফতার করে। পুলিশ জানায় রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ডের ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গত রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর হামলা চালায়। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অন্য আসামিরা মারধর ও অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ভাঙচুর করে।
একই সঙ্গে কামাল কাছনা এলাকায় গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেওয়া হয়। এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইলে হুমকি দিয়ে বলেন, “তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।”পরে ইন্টারনেট অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর মহানগর কোতোয়ালি থানায় ‘ক্যাবল ওয়ান’ ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ পৃথক দুটি মামলা দায়ের করে।
মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। এদিকে, অভিযুক্ত দুই নেতাকে গত রোববার রাতেই বহিষ্কার করেছে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। এরপর সোমবার রাতে র্যাব ১৩ ও মহানগর গোয়েন্দা পুলিশ বহিস্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে তাদের অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোঃ রাশেদ হোসাইন পাঁচশ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
