ঝিনাইদহে পেট্রোল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত, আটক ৩

0
ঝিনাইদহে পেট্রোল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিরব আহমেদ মোটরসাইকেলের জন্য বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। এ সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর তিনি আবারও পাম্পে ফিরে আসেন। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে তিনি প্রতিবাদ করেন। এতে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠিসোটা দিয়ে তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে র‌্যাব। এদিকে যুবক নিহতের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে ভাঙচুর চালায়।

নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, “আমার ভাই খুবই সাধারণ মানুষ ছিল মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু তারা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মচারীরা নিরব নামে এক যুবককে মারধর করে। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন কর্মচারীকে আটক করা হয়েছে এবং পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।