সিলেট ব্যুরোঃ সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় তেল না পেয়ে এক গ্রাহকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক পেট্রোল পাম্পকর্মী। সোমবার (৯ মার্চ) ইফতারের ঠিক আগ মুহূর্তে তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে নগরীর উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। তখন ইফতারের সময় হয়ে যাওয়ায় পাম্পের কর্মীরা তেল দিতে সাময়িক অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই গ্রাহক উত্তেজিত হয়ে চলে যান।
প্রাথমিক বিরোধের রেশ ধরে ইফতার শেষ হওয়ার পরপরই ওই গ্রাহক পুনরায় পাম্পে ফিরে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি পাম্পকর্মী মিঠু গোয়ালাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মিঠু গোয়ালা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি এখন শঙ্কামুক্ত। হামলাকারী ব্যক্তিকে চিহ্নিত করে আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

