পলাশবাড়ীতে ওসিসহ ৮ পুলিশকে মারপিট: জামায়াত নেতা মিজান গ্রেপ্তার

0
পলাশবাড়ীতে ওসিসহ ৮ পুলিশকে মারপিট: জামায়াত নেতা মিজান গ্রেপ্তার

এবি সিদ্দিকঃ গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৮ পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে পৌর শহরের গৃধারীপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, মিজানের সঙ্গে তার বাবা গোলাম মোস্তফাকেও ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হয়েছিল, তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। মিজানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে।

গত ২৫ মার্চ রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মাহমুদ হাসান পলাশের নেতৃত্বে একদল নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে থানায় যান। তারা ওসিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জামায়াত নেতাকর্মীরা ওসিসহ উপস্থিত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পুলিশের দাবি অনুযায়ী, ওই হামলায় ওসিসহ মোট ৮ জন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, “ঘটনার প্রধান আসামি মাহমুদ হাসান পলাশ ও গ্রেপ্তারকৃত মিজান একই সাথে ছিলেন। পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

এদিকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২৫ মার্চের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে মিজানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে মিজানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।