ভোররাতে ডিবির জালে সাবেক স্পিকার শিরীন শারমিন: ধানমন্ডি থেকে গ্রেপ্তার

0
ভোররাতে ডিবির জালে সাবেক স্পিকার শিরীন শারমিন: ধানমন্ডি থেকে গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ আত্মগোপন শেষে অবশেষে গ্রেপ্তার হলেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই হেফাজতে আছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

৬টি মামলার মধ্যে ৩টিতে ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বাকি ৩টি বর্তমানে তদন্তাধীন। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় তিনি অন্যতম প্রধান আসামি। এই একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বর্তমানে কারাগারে রয়েছেন।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন জানিয়েছেন, আজ দুপুরের দিকে শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর টানা তিন মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি জনসমক্ষ থেকে আড়ালে চলে যান। ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘ আট মাস আত্মগোপনে থাকার পর আজ তার রাজনৈতিক জীবনের এক নাটকীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে শিরীন শারমিন চৌধুরী অন্যতম, যিনি দীর্ঘ সময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আজ দুপুরে আদালতে তোলার পর তার মামলার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।