জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: সাবেক কাউন্সিলর হাসিবুর গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

0
জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: সাবেক কাউন্সিলর হাসিবুর গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক পৌর কাউন্সিলর মো. হাসিবুর রহমান সরদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বম্বু ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি ক্ষেতলাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায় ভুক্তভোগী নারীর স্বামী গত চার বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। এই সুযোগে হাসিবুর দীর্ঘদিন ধরে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে ইতিপূর্বে গ্রাম্য সালিশ হলে হাসিবুর ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেছিলেন।

গত ১৭ এপ্রিল বিকেল ৪টার দিকে ভুক্তভোগী নারী মাঠ থেকে ছাগলের ঘাস নিয়ে বাড়িতে ফেরেন। বাড়ি নির্জন থাকার সুযোগে হাসিবুর কৌশলে ভেতরে প্রবেশ করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হাসিবুর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০ এপ্রিল ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১১) দায়ের করেন। মামলার পর থেকেই হাসিবুর আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট সদর থানাধীন বম্বু ইউনিয়নের ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ জানান, আসামিকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম নিশ্চিত করেছেন যে, সোমবার দুপুরে হাসিবুরকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।